দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত বাবা ও ছেলে
বন্দে মাতরম, সংবাদ:
দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় ২৫ অক্টোবর সন্ধ্যায় একটি পুরনো একতলা বাড়ির ওপর অতিরিক্ত তলা নির্মাণের কাজ চলাকালীন আচমকা ছাদের দুটি স্ল্যাব ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে চন্দ্রপাল (৬০) এবং তাঁর ছেলে বিজয় কুমার (৩৩)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, পুরনো ও দুর্বল ছাদটির ওপর অতিরিক্ত ঘর তৈরির জন্য নতুন করে ভারী সিমেন্টের স্ল্যাব ও লিন্টেল বসানোর কাজ চলছিল। দুর্বল অবকাঠামোটি সেই অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
খবর পেয়েই ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। বর্তমানে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল সূত্রে খবর, রবিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ তাদের কন্ট্রোল রুমে বাড়ি ভাঙার খবর যায়। উদ্ধারকাজ শুরু করতেই জানা যায়, ধ্বংসস্তূপে আটকে রয়েছেন ২ জন। সোমবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, ভেঙে পড়া ওই বাড়িটি একতলাই ছিল। সম্প্রতি ওই গ্রাউন্ডফ্লোরের উপরে আরও একটি নতুন ফ্লোর তৈরির কাজ চলছিল। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির উপরে অতিরিক্ত ফ্লোর তৈরির জন্য একটি ভারী কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছিল পুরনো স্ল্যাবের উপরে। কিন্তু স্থানীয় ওই নীচের স্ল্যাবটি আগে থেকেই দুর্বল ছিল জানা গিয়েছে। যার ফলে উপরের স্ল্যাবটির ভারে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।