Agnimitra Paul: ঝাড়খণ্ডের নম্বরের অটো ঢুকলেই কড়া পদক্ষেপ, ‘সিজ’ করার হুঁশিয়ারি অগ্নিমিত্রার
অনুসূয়া সিনহা,পশ্চিম বর্ধমান: সীমান্ত পেরিয়ে আসানসোল শিল্পাঞ্চলে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন নম্বরের অটোর অবাধ যাতায়াত রুখতে এবার কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিয়মবহির্ভূতভাবে ঝাড়খণ্ডের নম্বরের কোনও অটো পশ্চিমবঙ্গে ঢুকে চলাচল করলে প্রয়োজনে সেই গাড়ি বাজেয়াপ্ত বা ‘সিজ’ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন করা অটোর সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে আসা অটোগুলির বৈধ পারমিট, রেজিস্ট্রেশন এবং চলাচলের অনুমোদন খতিয়ে দেখার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করার পক্ষে সওয়াল করেছেন অগ্নিমিত্রা।
মন্ত্রী জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে কোনও ধরনের গাড়ি বৈধভাবে আসানসোলে প্রবেশ করে চলাচল করতে পারবে এবং কোন ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে স্পষ্ট করা প্রয়োজন। পাশাপাশি অটোচালকদেরও আগাম জানিয়ে দিতে হবে নিয়ম ভাঙলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে পারে।