সপ্তমীর সকালে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত ৫
অনুসূয়া সিনহা, পশ্চিম বর্ধমান:
রবিবার সাতসকালে ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। চলন্ত বাসের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি চারচাকা গাড়ি। সংঘর্ষের তীব্রতায় কার্যত লোহার স্তূপে পরিণত হয় চারচাকাটি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজন। রবিবার দুর্গাপুর থেকে আসানসোলগামী পথে অন্ডাল মোড়ের কাছে এই দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে বরাকরের দিকে যাচ্ছিল একটি বাস। সেই সময় পিছন দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা যাত্রীরা কার্যত আটকে পড়েন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় উদ্ধারকাজ। গাড়িতে মোট সাতজন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা সকলেই কীর্তন গানের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁরা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির গতিবেগ, চালকের নিয়ন্ত্রণ হারানো কিংবা অন্য কোনও কারণে সংঘর্ষ ঘটেছে কি না, তা তদন্তের বিষয়। জাতীয় সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার যানবাহনের নিরাপত্তা ও সতর্কতার প্রশ্ন তুলে দিল।