কলকাতার এন্টালিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়ার, আধিকারিকেরা
বন্দে মাতরম সংবাদ- ফের খাস কলকাতায় সাত সকালে ভেঙে পড়ল পুরনো বাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার, আধিকারিকেরা। ঘটনাস্থলে যায় পুলিশ। কী কারণে বাড়ি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসে ভারী বৃষ্টিতে কলকাতা একাধিক জায়গায় পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে। এবার এন্টালিতে বাড়ি ভেঙে পড়ে বিপত্তি।
কলকাতা পুরসভা সূত্রে খবর, মধ্য কলকাতার এন্টালির থানার পুরনো অফিস এলাকায় এই বাড়িটি ছিল। আশেপাশে আরও বহু বাড়িই পুরনো অবস্থায় আছে। আজ বুধবার সকালে ওই এলাকার একটি পুরনো বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে পড়ে। তবে সকালের দিকে এই ঘটনা ঘটায় রাস্তায় সেই সময় ফুটপাথ দিয়ে কোনও মানুষজন যাতায়াত করছিলেন না। সেই কারণে বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা।
বাড়ি ভাঙার খবর আসতেই এলাকায় ছুটে যান কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ি বাসিন্দাদের তড়িঘড়ি সরানো হয়। পুরসভার কর্মীরা বাড়ির ভাঙা অংশ সারানোর কাজ শুরু করেন।
ইঞ্জিনিয়ারদের মতে মধ্য ও দক্ষিণ কলকাতার বহু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বর্ষার বৃষ্টিতে সেই বাড়ির অবস্থা আরও খারাপের দিকে গেছে। আজ যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি বিপজ্জনক বলে আগেই নোটিস বোর্ড ঝুলিয়েছিল পুরসভা। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কোন বাসিন্দা থাকছিলেন না বলে খবর। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ ও আধিকারিকেরা।