ব্রেকিং

স্যালাইন চ্যানেল হাতে উধাও ৭৪ বছরের রোগী! কাঠগড়ায় উত্তরপাড়া হাসপাতাল

Saturday, 24 October 2026 at 15:38 Superadmin
Share
স্যালাইন চ্যানেল হাতে উধাও ৭৪ বছরের রোগী! কাঠগড়ায় উত্তরপাড়া হাসপাতাল


সুশোভন বন্দ্যোপাধ্যায়, হুগলি:

 

চিকিৎসাধীন ৭৪ বছরের এক রোগী হাসপাতাল থেকে নিখোঁজ! স্যালাইনের চ্যানেল লাগানো অবস্থায় সন্তোষ দাসের রহস্যজনক অন্তর্ধান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলে কর্তব্যে গাফিলতির অভিযোগে সরব হয়েছে রোগীর পরিবার। শুক্রবার দিনভর খোঁজ করেও সন্ধান না মেলায় উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া কোতরং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ দাসকে দশমীর সকালে জ্বর ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিনে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। পরিবারের দাবি, শুক্রবার বিকেলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। অথচ সকাল পৌনে দশটা নাগাদ আচমকাই ফোন করে সন্তোষের ছেলে বরুণ দাসকে দ্রুত হাসপাতালে আসতে বলা হয়। সেখানে পৌঁছেই বাবার নিখোঁজ হওয়ার খবর পান তিনি।

এরপর হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় তন্নতন্ন করে খোঁজ চালিয়েও বৃদ্ধের সন্ধান মেলেনি। পরিবারের দাবি, সন্তোষের হাতে তখনও স্যালাইনের চ্যানেল লাগানো ছিল। বরুণের প্রশ্ন, ‘কী ভাবে হাসপাতাল থেকে এক জন রোগী নিখোঁজ হয়ে গেলেন, তার জবাব কর্তৃপক্ষকেই দিতে হবে।’

 

ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। কোথায় গেলেন চিকিৎসাধীন বৃদ্ধ? নজরদারিতে কি কোনও ফাঁক ছিল? উত্তর খুঁজছে পুলিশ। হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হুগলি জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক। এখন পরিবারের একটাই প্রশ্ন—হাসপাতালে ভর্তি রোগীর নিরাপত্তার দায় কার?