ব্রেকিং

নাকা চেকিংয়ে উদ্ধার ১৬ কেজি গাঁজা, ধৃত আন্তঃরাজ্য পাচারকারী

Wednesday, 7 October 2026 at 14:56 Superadmin
Share
নাকা চেকিংয়ে উদ্ধার ১৬ কেজি গাঁজা, ধৃত আন্তঃরাজ্য পাচারকারী

পত্রলেখা বসু, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পুলিশের তৎপরতায় রুখে দেওয়া গেল বড়োসড়ো মাদক পাচারের ছক। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে নাকা চেকিং চলাকালীন প্রায় ১৬ কেজি গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও।

 জানা গিয়েছে, ধৃত ওই পাচারকারীর নাম শেখ নাসিরুদ্দিন। সে বর্ধমান শহরের মালিরবাগান এলাকার বাসিন্দা। এদিন রুটিন মাফিক ৭ নম্বর রাজ্য সড়কের ওপর নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি চারচাকা গাড়িকে সন্দেহ হওয়ায় আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। পুলিশ জানিয়েছে, আটটি প্যাকেটের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা ছিল ওই ১৬ কেজি গাঁজা।

 

প্রাথমিক তদন্তে ও ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ মাদক ভিনরাজ্য থেকে নিয়ে আসা হচ্ছিল। মূলত উড়িষ্যার কটক থেকে বীরভূমের বোলপুরের দিকে গাঁজাগুলি পাচার করার উদ্দেশ্য ছিল নাসিরুদ্দিনের। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে।


কীভাবে এবং কাদের সাহায্যে ভিনরাজ্য থেকে এই মাদক বাংলায় ঢুকছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের শিকড় ঠিক কতটা গভীরে ছড়িয়ে রয়েছে এবং ধৃতের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।